আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধের ৫৪ বছর পার হলেও স্বাধীনতাযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেশকে বারবার নতুন নতুন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। এই ব্যর্থতার কারণেই জাতিকে বারবার সংগ্রামের পথে নামতে হচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি। এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে, শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর বা দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখনও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।