বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরে যাবো। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি।
লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। একই সভায় তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সামনে আমাদের জন্য পথ সহজ নয়। এই পথ অত্যন্ত কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে হলে শুধু সুন্দর কথা বললেই হবে না, বরং সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করে বাস্তবসম্মতভাবে এগোতে হবে।
তারেক রহমান আরও বলেন, পরিবর্তনের এই সময়ে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে সংগঠিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন।