চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ও প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে জাতিকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন—এটি বাংলাদেশের ইতিহাসের এক অবিসংবাদিত সত্য।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উদ্যোগে আয়োজিত ‘সিটি কলেজ বিজয় দিবস ম্যারাথন প্রতিযোগিতা’ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিজয় দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের প্রতীক। এই দিনের মূল চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে খেলাধুলা, ম্যারাথন ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জাতি গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, আর সেই পথে খেলাধুলা ও শরীরচর্চা কার্যকর মাধ্যম হতে পারে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা অতীতেও হয়েছে এবং এখনো হচ্ছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সঠিক ইতিহাস জানা ও তা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানলে দেশপ্রেম ও জাতীয় চেতনা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দীন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. জসীম উদ্দীন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকি রনি এবং সদস্যসচিব আব্দুল মজীদ ছোটন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যারাথনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।