মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের জন্য একটি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিজিএস তৌফিক-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন এ তথ্য জানান। তিনি বলেন, ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। এ মহান দিনটি প্রতিবছর যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজিএস তৌফিক জাহাজটি দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাহাজটি পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন কার্যক্রম ও সমুদ্র নিরাপত্তায় তাদের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
পরিদর্শনকালে জাহাজে কর্মরত কোস্ট গার্ড সদস্যরা আগত দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা করেন এবং জাহাজের অপারেশনাল কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে অটল থাকবে।