মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘আগ্রাসন বিরোধী’ যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়। বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন থানা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রোডম্যাপ অনুযায়ী আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পুরো পথজুড়ে নেতাকর্মীদের সুশৃঙ্খল অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
মিছিলে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন। নেতারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আগ্রাসন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন।
সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিজয় মিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো মিছিল। নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায়—‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট—গণভোট’, ‘এক হাদির কিছু হলে—জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ আরও নানা স্লোগান।
এনসিপি নেতারা জানান, এই আগ্রাসনবিরোধী যাত্রার মাধ্যমে তারা বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে জনগণের অধিকার, গণতন্ত্র ও সংস্কারের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে চান। তাদের ভাষ্য, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে গণভোট ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।
বিজয় দিবসে রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু