সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া (পটুয়াখালী)
বিজয় দিবস উপলক্ষে মহিপুর ইসলামিয়া নূরানী হাফেজি মাদ্রাসার আয়োজনে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ আনোয়ার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মোঃ উবায়দুর রহমান।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুন্সি ইউসুফ এবং ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম সাগর।
সভায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, মোঃ আবু ইউসুফ, হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ, মোঃ রকিবুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্টানের ভিভাবকগণ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হাফেজ মোঃ আনোয়ার জাহিদ, বিশেষ অতিথি আলহাজ্ব হাফেজ মোঃ উবায়দুর রহমান এবং সাংবাদিক মুন্সি ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোঃ আনোয়ার জাহিদ বলেন, ১৯৮৭ সাল থেকে অভিভাবকদের দোয়া ও সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। আমরা সবসময় শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে গড়ে তুলতে চেষ্টা করেছি। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শিক্ষার্থী দেওয়ার দায়িত্ব অভিভাবকদের হলেও, তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মোঃ উবায়দুর রহমান বলেন, তার চারজন নাতি এ মাদ্রাসায় অধ্যয়নরত। দীর্ঘ ৩৯ বছর ধরে এই মাদ্রাসা একটি মানসম্মত দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা দিয়ে আসছে উল্লেখ করে তিনি মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করেন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্যে সাংবাদিক মুন্সি ইউসুফ বলেন, এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অন্যান্য মাদ্রাসার তুলনায় ব্যতিক্রমধর্মী। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।