মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তিনি প্যারেড স্কয়ারে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম তাকে স্বাগত জানান। বিজয় দিবসের এই আয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর শীর্ষ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রাজধানীর তেজগাঁওয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরু থেকেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজনে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং অত্যাধুনিক এ্যারোবেটিক প্রদর্শনী অন্তর্ভুক্ত ছিল, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন করা হয়। দেশাত্মবোধক সুর ও সংগীতের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আবহ তুলে ধরা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ও উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এয়ার শো উপভোগ করতে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে সকাল থেকেই মানুষের ঢল নামে। নিরাপত্তা তল্লাশির পর পর্যায়ক্রমে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে আসা অনেক মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে এয়ার শো দেখার জন্য অপেক্ষা করেন।
বিজয় দিবস ঘিরে জাতীয় প্যারেড স্কয়ার ও তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রদর্শনী ও এয়ার শো একদিকে যেমন দেশের সামরিক সক্ষমতা তুলে ধরেছে, তেমনি অন্যদিকে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনাকে আরও শক্তিশালী করেছে। বিজয়ের এই দিনে রাজধানীর আকাশ ও মাটিতে দেশপ্রেমের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে।