নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ছানী পড়া রোগীদের জন্য একটি বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),ওরবিস ও কমপ্রেহেসিভ ক্যাটারেট সার্ভিসেস প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের প্রথম ধাপে মোট ২৪৫ জন রোগীর চোখ পরীক্ষা (স্ক্রিনিং) করা হয়। এর মধ্যে ১২৮ জন রোগীকে ছানী অপারেশনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়। একই ধাপে সোমবার(১৫ ডিসেম্বর)সকালে ৩০ জন রোগীর সফলভাবে ছানী অপারেশন সম্পন্ন করা হয়েছে।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার (রুপক), সহকারী সমন্বয়কারী ছায়েদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন ও স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার হোসেন জীবন।
উপকারভোগী রোগীরা জানান, বিনা খরচে ও সহজে চোখের চিকিৎসা এবং ছানী অপারেশনের সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। গ্রামাঞ্চলে এ ধরনের চক্ষু ক্যাম্প নিয়মিত আয়োজনের জন্য তারা ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা.দিবালোক সিংহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাছাইকৃত বাকি রোগীদেরও ছানী অপারেশন সম্পন্ন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার দুঃস্থ মানুষের চোখের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।