সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবিপ্রধান জানান, কিছুক্ষণের মধ্যেই আনিস আলমগীরকে আদালতে তোলা হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলে তদন্তের অংশ হিসেবে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি কর্মকর্তারা জানান, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ আইনানুগভাবে পরিচালিত হচ্ছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মামলার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।