রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের আবাসন বৃত্তি নীতিমালায় সংযোজিত শর্তসমূহকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা সংশোধন ও পুনর্বিন্যাসসহ ৩ দফা দাবিতে উপাচার্য ভিসি ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের আবাসন সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যানারে এই ঘেরাও কর্মসূচি শুরু হয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার’, ‘হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প’, ‘প্রশাসনের গদিতে, আগুন জালো একসাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, আস-সুন্নাহর এই প্রজেক্টকে স্থায়ী হল বা আবাসন ব্যবস্থা হিসেবে প্রচার করা হলেও এটি মূলত একটি অস্থায়ী প্রজেক্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে এখন পর্যন্ত এই খাতে কোনো অর্থ ব্যয় করেনি। অথচ শিক্ষার্থীদের ওপর নানা কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বা মাগরিবের নামাজের পর হলের গেট বন্ধ করে দেওয়া এবং প্রবেশ বা বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ শফিক খান হাসিব বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই প্রজেক্ট কোনো স্থায়ী বা প্রচলিত হল নয়। এটি একটি অস্থায়ী প্রজেক্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে এখন অবধি একটি সিঙ্গেল পয়সাও এখানে ব্যয় করেনি। অথচ আমাদের ওপর অদ্ভুত সব নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের কোনো হলে মাগরিবের নামাজের পরই গেট লক করে দেওয়া হয় এমন নজির নেই। হাজারো নিয়মের বেড়াজালে আমাদের রাখা হয়েছে।”
আবু সাঈদ নামের আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের বলা হয়েছিল ৩০ তারিখ হলে উঠতে, কিন্তু ১ তারিখ আসায় আমাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথিবীর কোনো হলে এমন নিয়ম আছে? অর্থনৈতিক সংকটের কারণেই শিক্ষার্থীরা এখানে উঠেছে, অথচ তাদের ১০ হাজার টাকা দিয়ে থাকতে হচ্ছে। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে এই আন্দোলন চলছে এবং চলবে।”
শিক্ষার্থীরা জানান, এই আবাসন প্রকল্পের মেয়াদ মাত্র এক বছর, যার মধ্যে ইতোমধ্যে ৬-৭ মাস অতিবাহিত হয়েছে। ফলে আবাসন নিয়ে তাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। তারা অবিলম্বে আবাসন নীতিমালার অযৌক্তিক শর্তগুলো সংশোধন এবং স্থায়ী সমাধানের দাবি জানান।
এর আগে, ১১ ডিসেম্বরেও আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের পক্ষ থেকে আবাসন নীতিমালার শর্ত সংশোধনসহ ৩ দফা দবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।