মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মটুকপুর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই এলাকার রাকিব হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার আশায় শিশুটিকে ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে সাফওয়ানের দাফন সম্পন্ন করা হয়।
নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোরিকশাচালক টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত তাদের সঙ্গে ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি জানান, চালকের বাড়ি পাশের হাসাইল গ্রামে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মটুকপুরের ওই সড়কটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সড়কটি খুবই সরু। এর আশপাশে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “ঘটনাটি দুঃখজনক। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।