ইনকিলাব মঞ্চের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করে বলেছেন, যে আসামিকে একবার গ্রেপ্তার করা হয়েছে, তার সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকা সত্ত্বেও তাকে চিহ্নিত বা আটক করতে না পারা মোটেই বিশ্বাসযোগ্য নয়।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তদন্তের অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জুমা।
তিনি বলেন, “যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে, তার সমস্ত তথ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে আছে। তারপরও তাকে চিহ্নিত করতে না পারা কিংবা আটকাতে না পারা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।”
ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, তারা মনে করেন না যে আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার ভাষায়, “আমাদের বিশ্বাস আসামি পালায়নি। পালিয়ে গেছে—এমন একটা হতাশার বয়ান তৈরি করে দায়মুক্তি নেওয়ার চেষ্টা চলছে, অথবা তাকে পালাতে সহযোগিতা করার কোনো পরিকল্পনা চলছে।”
তিনি অভিযোগ করেন, এই হামলা কোনো একক ব্যক্তির কাজ নয়। এটি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের পরিকল্পিত অপারেশন। জুমা বলেন, “এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। পুরো সিন্ডিকেট এখনো অ্যাকটিভ আছে। এমনকি খুনিদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত এসেছিল—এমন তথ্যও আমাদের কাছে এসেছে।”
এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, শুধু ওসমান হাদিই নন, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পোস্টের শেষাংশে ফাতিমা তাসনিম জুমা জোর দিয়ে বলেন, “আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সবার নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি, কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব হবে না।”
এই অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।