দেশকে নেতৃত্বহীন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং সেই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। একই সঙ্গে আরও অনেক নেতা-কর্মীকে ‘হিটলিস্টে’ রাখা হয়েছে বলেও তিনি সতর্ক করেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমাদের প্রাপ্তির পরিমাণ কম হতে পারে, কিন্তু আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্র প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লড়াই আমাদের এখনো চালিয়ে যেতে হচ্ছে।”
আসিফ মাহমুদ আরও বলেন, “একাত্তরে পাকিস্তানি বাহিনী যেমন পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একই কৌশলে ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো এখন অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই একটি অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।”
তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করা এবং গণতান্ত্রিক নেতৃত্ব ধ্বংস করতেই এই ষড়যন্ত্র চলছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “একাত্তরে যেমন পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা সফল হয়নি, তেমনি এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।”
এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।