রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব।
শনিবার (১৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই ন্যক্কারজনক হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করা হয়।
জবি প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমান বিবৃতিতে বলেন, “এই হামলা নিঃসন্দেহে সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ। জুলাইযোদ্ধাদের টার্গেট করে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। এটি আসন্ন নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং সমাজে ভয় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “শরীফ ওসমান হাদী একজন সম্মুখ সারির জুলাইযোদ্ধা ও সক্রিয় রাজনীতিবিদ। তার ওপর এই বর্বর হামলা গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির একটি নীলনকশা। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার ও কুচক্রী মহল এমন নাশকতায় লিপ্ত রয়েছে। শরীফ হাদীর ওপর গুলি সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।”
বিবৃতিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “এমন সহিংসতা জনগণের ভোটাধিকার ও নিরাপত্তাকে বিপন্ন করছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একইসঙ্গে আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।”
প্রাসঙ্গত, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে একজন সক্রিয় কর্মীর ওপর এমন হামলার ঘটনাকে অশনিসংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।