মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার প্রার্থনা করেছেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুরু উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী মা খোদেজা বেগম (৬৫) বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করে। আজ সকালে টাকা দিতে না পারায় আবারও মারধর করে। নিরুপায় হয়ে আমি প্রতিবেশীদের কাছে বিচার চাই। আমি একজন মা—ছেলের শাস্তি চাই না, চাই সে সুস্থ হোক, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খলিল নেশার টাকার জন্য নিয়মিতভাবে তার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। শনিবার সকালে টাকা না পেয়ে ফের মারধর করলে অসহায় মা প্রতিবেশীদের দ্বারস্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাকে আটক করে গণশাস্তি দেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, মাদকাসক্তদের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা দাবি করেন তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। মাদকাসক্ত যুবক ও এলাকাবাসী—উভয় পক্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।”