ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও গতিশীল করতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, হামলার ঘটনায় গুলি করা একজনকে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। অভিযুক্তের অবস্থান বা পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।