ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি হাদির স্বজনদের খোঁজখবর নেন।
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও চিকিৎসক আমান উপস্থিত ছিলেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। ঢামেক হাসপাতাল থেকে রাত সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।