অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র্যালির প্রস্তুতিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পান। এরপর তিনি ঘোষণা দেন—এটি আর বিজয় মিছিল নয়, বরং প্রতিবাদ মিছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকার মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নিয়ে আসিফ মাহমুদ নিজেই স্লোগান দেন—‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘লাগছে গুলি হাদির গায়ে, আমরা আছি লাখো ভাই’।
এর আগে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন—এই দোয়া করুন সবাই।” একই সঙ্গে তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ ধরনের ঘটনা অশনিসংকেত উল্লেখ করে তিনি দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।