ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন—এই দোয়া করুন সবাই।”
তিনি আরও লেখেন, “সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ ধরনের ঘটনা একটি অশনিসংকেত। দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে।”
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।