ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জুলাই আন্দোলনের একজন যোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগজনক।
এ ধরনের ঘটনা কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এর পেছনে কারা রয়েছে তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।