ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি ঢামেকে উপস্থিত হন।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পরপরই হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। সে সময় তিনি জানিয়েছিলেন, বিদেশি নম্বর থেকে তার মোবাইলে কল ও টেক্সট করে এসব হুমকি দেওয়া হচ্ছে।
ওই দিন রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, মাত্র তিন ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হুমকিমূলক কল ও বার্তা পাঠানো হয়েছে।