আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট ও ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই আসিফ মাহমুদ কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল।
কেউ বলছিলেন তিনি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে পারেন, আবার কেউ ধারণা করছিলেন গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো বড় রাজনৈতিক দলের হয়ে নয়, বরং স্বতন্ত্র হিসেবেই তিনি নির্বাচনে লড়বেন।
ফেসবুক পোস্টে দেওয়া ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ কঠিন হলেও অসম্ভব নয়। তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র গড়াই তার লক্ষ্য। এজন্য নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণায় তিনি এই পুনর্গঠন ও বিনির্মাণের সংগ্রাম চালিয়ে যেতে চান।
আসিফ মাহমুদ জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১০ সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বড় দলের পৃষ্ঠপোষকতা, শক্ত সংগঠন বা বিপুল অর্থ—কিছুই তার নেই বলে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনই হবে তার একমাত্র শক্তি।
এদিকে, পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন কি না—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।