আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উদ্দেশ্যে ‘জনতার ইশতেহার’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটিতে সক্রিয়ভাবে মতামত দিতে সব নাগরিককে আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। সেই ভালোবাসার দায় থেকেই প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন।”
এর আগে আরেক পোস্টে তিনি বলেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনি ইশতেহার।” এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতামত সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির আরও বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যমূলক অর্থনৈতিক অবস্থার অবসান ঘটানো ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।