কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ত্যাগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। কিন্তু যারা সন্ত্রাস করে, পাথর মেরে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি–টেন্ডারবাজি–লুটপাটে জড়িত থাকে—আমরা সবসময় তাদের বিরুদ্ধেই দাঁড়াব।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেন এবং সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলি, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার এবং ফটিকছড়ি উপজেলার আমির নাজিম উদ্দিন ইমুসহ অন্যান্য নেতৃবৃন্দ।