ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা নতুন করে আশ্বস্ত করেছে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে জামায়াতসহ ৮-দলীয় জোট কর্মসূচি চালিয়ে যাবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই এখন ইসির প্রধান দায়িত্ব। এটি ছাড়া নির্বাচনকে অর্থবহ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে জুবায়ের বলেন, “আগে অনেক আশ্বাস দেওয়া হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করি আগামী নির্বাচনে এই পরিস্থিতির উন্নতি হবে।”
উল্লেখ্য, সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।