ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর মতে, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সুষ্ঠু ও নিরপেক্ষতার মানদণ্ডে ভোট আয়োজনের পরিবেশে এখনও ঘাটতি রয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিইসির তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। তবে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা—সবক্ষেত্রেই আরও উন্নতির প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বর্তমান ইসি সদিচ্ছা দেখালেও তাদের প্রতি শতভাগ আস্থা নেই। তাদের গঠনে ত্রুটি ছিল। সরকারকে আওয়ামী প্রভাবমুক্ত হতে হবে, অন্যথায় নির্বাচন প্রক্রিয়াতেও প্রভাব পড়তে পারে।”
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি জানান, তাঁর দল কর্মীদের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। কিন্তু অন্য দলগুলো তা না মানলে বৈষম্যের সৃষ্টি হতে পারে।
অনলাইনে নারী প্রার্থীদের হেনস্তার অভিযোগ তুলে তিনি বলেন, “এ বিষয়ে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।”
এনসিপি নেতা আরও মন্তব্য করেন, অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে সরকার নির্বাচনে যাবে না—তফসিল ঘোষণায় সেই সন্দেহ দূর হয়েছে। তাঁর মতে, ভোটের মতোই গণভোট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটিও সরকার কাটিয়ে উঠতে সক্ষম হবে।