আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ইসি ভবনের সামনে দেখা যায়, পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি।
ইসি ভবনের মূল ফটকের সামনে স্থাপন করা হয়েছে শক্তিশালী ব্যারিকেড। সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে, আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় অনেক যানবাহনকে বিকল্প পথে যেতে হচ্ছে। নির্বাচন ভবন এলাকায় প্রবেশের প্রতিটি পয়েন্টে পুলিশের কড়া তল্লাশি চালানো হচ্ছে।
শেরে বাংলা নগর থানা পুলিশ ও ডিএমপির প্রায় ৩০ জন অতিরিক্ত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, তফসিল ঘোষণার দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যাবও।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে ভাষণটি সম্প্রচার করা হবে। এতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হবে বলে জানা গেছে।
তফসিল ঘোষণার দিন রাজধানীজুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়ে যাওয়ার আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই মাঠে নেমেছে। ইসি ভবন ঘিরে এই উচ্চপর্যায়ের সতর্কতা নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।