সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট শাসন’ বিরোধী সব আন্দোলনে সামনের সারিতে ছিলেন আসিফ মাহমুদ। তিনি জানান, “আসিফ আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। রাজপথে লড়াই-সংগ্রামে সবসময় আমাদের সঙ্গেই ছিল। সে সময় তাকে নানা নির্যাতনও সহ্য করতে হয়েছে।”
তিনি আরও বলেন, আসিফের সঙ্গে সুদীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। “এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাকে আমরা সম্মানজনক পদে দেখতে চাই। এ নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে আমরা আগ্রহী।”
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব। তার আগে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। “আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। কোন দল থেকে করব, সেটা পরে জানাব,” বলেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে জল্পনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটার হিসেবে নিবন্ধনও করেছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধির মধ্যে আসিফ মাহমুদ অন্যতম ছিলেন। তিনি প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পান।
গণঅধিকার পরিষদে তার প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।