মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
দলীয় নেতৃবৃন্দ জানান, এবারের মনোনয়ন বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে “নতুন রাজনৈতিক ধারা, দক্ষতা, সততা ও তরুণ নেতৃত্বকে।”
ঘোষিত তালিকায় মুন্সিগঞ্জ জেলার দুটি আসনেও এনসিপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। আর মুন্সিগঞ্জ–২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিতেই তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় দায়িত্বশীলরা।
কেন্দ্রীয় নেতারা আরও বলেন, এবারের নির্বাচনে দলটি পরিবারতন্ত্রের প্রচলিত ধারা ভেঙে ‘রাষ্ট্র সংস্কার, পেশাগত যোগ্যতা, শিক্ষাগত দক্ষতা ও নৈতিক আদর্শে বিশ্বাসী’ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে। তাদের দাবি, ঘোষিত তালিকায় তরুণ প্রার্থীর সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
গত ৬ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে, যা পরে ২০ নভেম্বর পর্যন্ত চলমান থাকে। নির্ধারিত সময়ে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন—যা দলটির ইতিহাসে সর্বাধিকের মধ্যে অন্যতম বলে জানান নেতারা। তাদের ভাষায়, “মনোনয়ন ফরম সংগ্রহে এমন আগ্রহ প্রমাণ করে যে, জনগণের কাছে এনসিপির গ্রহণযোগ্যতা বাড়ছে।”
দলটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, ঘোষিত ১২৫ আসনের বাইরে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও ধাপে ধাপে প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানো, ইস্যুভিত্তিক রাজনীতি শক্তিশালী করা এবং নতুন প্রজন্মকে জাতীয় রাজনীতিতে উৎসাহিত করাই এবারের নির্বাচন কৌশলের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তারা।