ক্ষমতা কারো হাতে নয়, কেবল আল্লাহর সিদ্ধান্তেই রাষ্ট্রক্ষমতা নির্ধারিত হয়—এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাম্প্রতিক টক-শো ব্যক্তিত্ব ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তিনি বলেন, “ক্ষমতার মালিক মালিকুল মুলক। যদি আল্লাহ মনে করেন ক্ষমতা যাবে জামায়াতের হাতে, তাহলে অবশ্যই যাবে। পৃথিবীর কোনো শক্তিই ‘মিজান’—দাঁড়িপাল্লাকে—আটকাতে পারবে না।”
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত মানবাধিকার লঙ্ঘনের তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আহত, পঙ্গুত্ব বরণকারী এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার শাহরিয়ার বলেন, “প্রথম আলো সার্ভে করে বলছে—বিএনপি ৬৩ শতাংশ, জামায়াত ২৬ শতাংশ ভোট পাবে। কিন্তু ক্ষমতা কার হাতে যাবে, সেই ফয়েসালা প্রথম আলোর হাতে নয়; আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেবেন।”
নিজের টক-শোর ভঙ্গি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “১৭ বছর ধরে মিথ্যা শুনে শুনে কান ধাপা পড়ে গেছে। তাই গলার জোরই আমার একমাত্র অস্ত্র। আল্লাহর কাছে দোয়া করি—আমার কথা যেন কানে লাগে, কানের ভিতর দিয়ে অন্তরে পৌঁছে যায়।”
আওয়ামী লীগ ও মুসলিম লীগের ভোটতত্ত্ব নিয়ে তিনি বলেন, “ভোটের রাজনীতির ওপর আমাদের বিশ্বাস নেই; সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন।”
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের আগে কেউ জানত না তিনি এভাবে পালিয়ে যাবেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় এমন পরিস্থিতি তৈরি হলো যে দেশের সব এমপি, মন্ত্রী এমনকি অনেক খতিবও দেশ ছেড়ে গেলেন।”
ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ব্যারিস্টার শাহরিয়ার বলেন, “এই দেশে ইসলামী শাসনব্যবস্থা ছাড়া কোনো বিকল্প নেই। বিকল্প যদি থাকে—তাহলে দেখান। না হলে দাঁড়িপাল্লার শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।”
সেমিনারে ছাত্রশিবির সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী বক্তব্য রাখেন।