পটুয়াখালী-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন—তা এখনও নিশ্চিত করেননি।
সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যাহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ তার অনুসারীরা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই সিদ্ধান্তে পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে পটুয়াখালী-০১ আসনে মনোনীত করা হয়েছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হন। তিনি বলেন, “এই এলাকা ছেড়ে থাকার কারণে মনে হয়েছে আমার হৃদয়ের রক্তনালী ছিঁড়ে গেছে। তাই আমি ফিরে এসেছি।”
তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে লড়াই করবেন। নিজের জীবনযাত্রা নিয়েও তিনি জানান, “বর্তমানে আমি যেভাবে একেবারে সাধারণভাবে জীবনযাপন করি, নির্বাচিত হলেও তার চেয়ে বিলাসী জীবনযাপন করবো না। গাড়ি হবে না, বাড়ি হবে না—যা আছে তাই থাকবে।”
এর আগে তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌরশহরে শোডাউন করেন।