গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম খালেদা জিয়া—এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১৬–১৭ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলেছে, আর গণতন্ত্রের প্রশ্নে তিনি কোনো সময়েই আপোষ করেননি। তাই জনগণ আবারও তাকে গণতন্ত্রের মা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) চকরিয়ার হারবাং ইউনিয়নে গণসংযোগ শেষে একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সেই গণতন্ত্রকে এগিয়ে নেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণেই দেশবাসী তাকে ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করেছিল।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে—এটাই হবে নতুন সরকারের প্রথম প্রকল্প। “আপনাদের সন্তান হিসেবে এ প্রতিশ্রুতি দিচ্ছি,”—বলেন তিনি।
তিনি আরও জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হবে। তখন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নত করা বাধ্যতামূলক হয়ে পড়বে।
সকাল ১০টায় পেকুয়ার নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি চকরিয়ায় ষষ্ঠ দিনের মতো গণসংযোগ শুরু করেন। প্রতিটি ইউনিয়নে তাকে একনজর দেখতে জনগণের উচ্ছ্বসিত ভিড় লক্ষ করা যায়। সাধারণ মানুষও ব্যাপক উৎসাহ নিয়ে পথসভায় যোগ দিয়ে তাদের প্রিয় নেতার প্রতি সমর্থন জানায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।