মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধিঃ
গাজীপুর–৫ (পুবাইল–কালীগঞ্জ) আসনকে ঘিরে নির্বাচনী মাঠ এখন সরগরম। স্থানীয় রাজনীতিতে দীর্ঘ নীরবতার পর এবার ভোটের মাঠে নতুন উত্তাপ—জুলাই–বিপ্লবোত্তর রাজনৈতিক পরিস্থিতিতে বদলে যাওয়া জনমতের প্রতিচ্ছবি স্পষ্ট হচ্ছে এলাকায়।
১৭ বছর পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মুহাম্মদ খায়রুল হাসানকে ঘিরে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। সাম্প্রতিক মাঠ জরিপে তাঁর জনপ্রিয়তার উত্থান তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।
গত সপ্তাহে পূবাইল কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ছিল জনতার উপচে পড়া উপস্থিতি। পাশাপাশি রোববারের টানা গণসংযোগ, যুবকদের ক্রিকেট টুর্নামেন্ট, মসজিদভিত্তিক মতবিনিময়, নারী সমাবেশ ও ওলামা পরিষদের কর্মসূচিতে ভোটারদের অংশগ্রহণ পুরো এলাকা জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের পর তরুণদের একটি অংশ পরিবর্তনের রাজনীতির কথা তুলে ধরছে বলে জানা গেছে। নারী ভোটারদের মধ্যেও স্বাস্থ্যসেবা, সামাজিক কার্যক্রম ও উঠান বৈঠকের কারণে সমর্থন বাড়ছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।
প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান বলেন,
“সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে গাজীপুর–৫ এ নীরব বিপ্লব ঘটবে। মানুষ পরিবর্তন চায়—অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ চায়।”
পুবাইল ও কালীগঞ্জের সাধারণ ভোটারদের মুখে এখন একটাই আলোচনা—এই নির্বাচনী প্রতিযোগিতা পরিবর্তনের নতুন বার্তা নিয়ে আসতে পারে। বাড়তে থাকা মানুষের উৎসাহে গাজীপুর–৫ আসনকে ঘিরে এখন অপেক্ষা শুধু ভোটের দিনের।