সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করছেন ডাকসুর সাবেক ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। আলোচনায় উঠছে, তিনি ঢাকা-৮ আসন থেকেই প্রার্থী হতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টি।
গুঞ্জনের মধ্যেই একই আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শনিবার (৬ ডিসেম্বর) রাতে ফেসবুকে সাদিক কায়েমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার বক্তব্যে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহমর্মিতা ও শুভকামনার সুর বেশি দেখা গেছে।
স্ট্যাটাসে ওসমান হাদি লিখেছেন, “সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুন হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাদিকের জন্য অনেক দোয়া।”
তিনি আরও যোগ করেন, “দেশপ্রেমিক জনতার জোয়ার-ই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-৮ আসনে তরুণমুখ ও আন্দোলন-সংকটের সময় মাঠে থাকা নেতৃত্ব নিয়ে ভোটারদের আগ্রহ আগেই বৃদ্ধি পেয়েছে। সেখানে সাদিক কায়েম ও ওসমান হাদির মতো মাঠপর্যায়ের জনপ্রিয় ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুই নেতার মুখোমুখি হওয়া নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
তবে সাদিক কায়েম এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি। কিন্তু তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে তরুণ ভোটারদের মাঝে উত্তাপ বাড়ছে। অন্যদিকে ওসমান হাদি নিজের অবস্থান আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি দলীয় ব্যানার ছাড়াই জনগণের প্রার্থী হিসেবেই লড়াই করবেন।
সব মিলিয়ে ঢাকা-৮ আসনকে ঘিরে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাদিক কায়েম ও ওসমান হাদি।