মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাত পরিচয়ের নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মেঘনা ও কাজলী নদীর দুটি পৃথক স্থানে লাশ দুটির সন্ধান মেলে।
দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে এক নারীর লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। আনুমানিক ৩৫ বছর বয়সী এই নারীর লাশ ভেসে এসে নদীর তীরে আটকে ছিল বলে ধারণা স্থানীয়দের।
এর কিছুক্ষণ পর দুপুর সাড়ে ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় আরেকটি লাশ আটকে থাকতে দেখা যায়। এটি আনুমানিক ৩৬ বছর বয়সী এক পুরুষের লাশ বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় জেলে আলী হোসেন জানান, “মেঘনার স্রোতে লাশটা ভেসে এসে ডুবুরচরে থেমে গেছে।”
দাসকান্দী এলাকার সোহাগ বলেন, “সকাল থেকে লাশটা নদীতে ভাসছিল। ভাটা নামতেই তীরে লেগে যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ–পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, “উভয় লাশই উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, “দুটো লাশই অজ্ঞাত। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। নৌ–পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।”
লাশ দুটির ময়নাতদন্ত চলছে। পুলিশ বলছে, তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হবে।