সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী বিওপি-তে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তরিতরা হলেন টাঙ্গাইল জেলার মমতা হালদার ও তার ছেলে হৃত্তিক হালদার।
বিজিবিকে তারা জানান, ভারতে অসুস্থ দাদীকে দেখার জন্য তারা ৩০ হাজার টাকার বিনিময়ে গত ৪ ডিসেম্বর রাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।
বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. রিপন মিয়া নামের এক পাচারকারীকে আটক করা হয়।
আটক রিপন লালমনিরহাটের পাটগ্রামের পাঁচ সদস্যের মানবপাচারকারী চক্রের সদস্য। আটককৃত রিপন মিয়াকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।