বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সব প্রস্তুতি থাকলেও মেডিকেল বোর্ড এখনো ‘ফ্লাই করার মতো সক্ষম’ ঘোষণা করেনি।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বেগম জিয়াকে লন্ডনের পথে নিয়ে যাবে।
এনামুল হক চৌধুরী বলেন, কাতার কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থাপনা করছে। জার্মানি থেকে যে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা বলা হচ্ছে—তা কাতারের পক্ষ থেকেই ব্যবস্থা করা হচ্ছে। বিএনপি কোনো পক্ষই এসব ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত নয়। “মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে”—বলেন তিনি।
অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনও ফ্লাই করার মতো স্থিতিশীল নন। গত দুদিনে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরও তাঁর অবস্থা আগের মতোই রয়েছে। এজন্য লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। শুক্রবার দুই দফা মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁর শারীরিক প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং প্রতিদিনই বোর্ডের পক্ষ থেকে নিয়মিত মূল্যায়ন চলছে।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জুবাইদা রহমানও, যিনি শুক্রবার ঢাকায় পৌঁছেছেন শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে।
বর্তমানে খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা বলছেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে বিদেশ যাত্রা সম্ভব নয়। সব মিলিয়ে মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া পর্যন্ত তাঁর লন্ডন ট্রিটমেন্ট কার্যত ঝুলে রয়েছে।