রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায় না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সেই পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, প্রশাসন চায় না শিক্ষার্থীরা নীতিনির্ধারণী পর্যায়ে এসে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করুক।
সংবাদ সম্মেলনে এ কে এম রাকিব বলেন, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই চায়নি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক। যদি তারা চাইত, তবে অনেক আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন হতো। ৫ আগস্টের পর আমাদের অন্যতম দাবি ছিল জকসু নির্বাচন। আপনারা দেখেছেন, এই নির্বাচন নিয়ে তারা কত গড়িমসি করেছে। আমরা অনশন ও আন্দোলনের মাধ্যমে গঠনতন্ত্র পাস করিয়েছি।’’
তিনি প্রশাসনের উদ্দেশ্য নিয়ে শঙ্কা প্রকাশ করে আরও বলেন, ‘‘প্রশাসন চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে একটা সময় যেন জকসু নির্বাচন না হয়। তবে আমরা তাদের এই মনোভাব প্রতিষ্ঠিত হতে দেবো না। জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার।’’
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট সংগঠন সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারে না। একমাত্র ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার অধিকার রাখে এবং তাদের ওপরই দায়বদ্ধতা থাকে। তাই শিক্ষার্থীদের কণ্ঠস্বর জোরালো করতে জকসু নির্বাচন অপরিহার্য এবং তারা তা আদায় করে ছাড়বেন।
প্রসঙ্গত, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২২শে ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তা ৮ দিন পিছিয়ে ৩০শে ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে। যাকে ঘিরে রাজনৈতিক মহলসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই আলোচনা সমালোচনার উদ্ভব হয়েছে।