সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া জাতীয়ভাবে অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা।
তিনি দীর্ঘদিন ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে কোনো অপশক্তির সঙ্গে আপস না করে নিজেকে সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই এই সময়ে খালেদা জিয়ার সুস্থ থাকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাবর বলেন,
“খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন—তিনি সারাদেশের সার্বজনীন নেত্রী। কেন তিনি দেশের জন্য প্রয়োজন, তা আজ বিস্তারিত বলতে চাইছি না, অন্য সময়ে বলব। দেশে এখনো নানা ষড়যন্ত্র সক্রিয় রয়েছে, এসব মোকাবিলায় তার মতো নেত্রীর ভীষণ প্রয়োজন।”
তিনি আরও বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। আপনারা সবাই নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন।”
নিজের রাজনৈতিক কর্মসূচি বিষয়ে বাবর বলেন,
“আগামী দিনের প্রথম কাজ হবে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। বেকারত্ব দূরীকরণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে তাদের স্বাবলম্বী করতে হবে। অতীতেও উন্নয়ন করেছি, দোয়া করবেন সুযোগ পেলে সামনে আরও বেশি উন্নয়ন নিয়ে আসব।”
সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।