সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও কুয়াকাটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে “প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) উদযাপিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে স্বেচ্ছাসেবকরা সৃষ্টি করেন উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুড নেইবার্স বাংলাদেশ-এর কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকশেদুল আলম,কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান,সিসিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ সামাজিক পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, মানবিক মূল্যবোধ ও দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের শক্তি ও নিষ্ঠাই টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
স্বেচ্ছাসেবকদের মধ্যে পরিবেশ-সচেতনতা জোরদারের লক্ষ্য নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানসূচি সাজানো হয়। কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ ছাড়া শিশু সুরক্ষা, নারী ক্ষমতায়ন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বৃক্ষরোপণ সচেতনতা, পর্যটন এলাকার নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক মূল্যবোধ উন্নয়ন নিয়ে গুড নেইবার্স-এর উদ্যোগসমূহ তুলে ধরা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও বিভিন্ন সৃজনশীল আয়োজনে দিনটি প্রাণবন্ত হয় উঠে।
গুড নেইবার্স বাংলাদেশ-এর কান্ট্রি প্রধান বার্টিন গোমেজ বলেন, ১৯৯৬ সাল থেকে গুড নেইবার্স বাংলাদেশ শিশু শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও সম্প্রদায় উন্নয়নসহ বিভিন্ন মানবিক ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ১৭টি প্রকল্প নিয়ে কাজ করছে।
প্রতিষ্ঠাগুড নেইবার্স-এর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের আগমনে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক উজ্জ্বল, প্রাণচঞ্চল স্বেচ্ছাসেবক মিলনমেলায়।