ডাকসু ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করে বলেছেন, গত ৫৪ বছরে ভারতপন্থী দালালরা বাংলাদেশে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়েছে। বিশেষ করে গত ১৬ বছর দেশটি ছিল ভারতের সাপ্লাই কলোনীর মতো—যেখানে ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়েছে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছিল। তার দাবিতে, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারত।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন,
“বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। জুলাই বিপ্লবে দেশকে দিল্লির দালালদের হাত থেকে মুক্ত করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন,
“ছাত্রজনতা ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে দেশ থেকে উৎখাত করেছে। ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম হবে না।”
সমাবেশে বক্তব্যের শুরুতে তিনি সুনামগঞ্জ–৫ আসনে (ছাতক–দোয়ারা) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট চান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।