আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট—অনিবার্য পরিস্থিতি না হলে নির্বাচন পিছিয়ে যাক, দলটি তা চায় না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে দলটির মত।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নজরুল ইসলাম খান বলেন,
‘আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।’
তিনি খালেদা জিয়ার অসুস্থতা ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তফসিল ঘোষণার বিষয়ে বলেন, দলটি গণতান্ত্রিক পথেই থাকতে চায়, তাই অকারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে নয়।
নির্বাচনে একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় ব্যালটে ভোট দিতে সময় বেশি লাগতে পারে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন,
‘যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়—এটা নিশ্চিত করতে কমিশনকে বলেছি।’ কমিশন জানিয়েছে, আগামী ৭ নভেম্বর তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
ব্যালট পেপার ছাপানোর বিষয়েও বিএনপি সতর্ক অবস্থান জানিয়েছে। নজরুল ইসলাম জানান,
‘আমরা শুনেছিলাম প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানো হতে পারে। আমরা স্পষ্টভাবে বলেছি, ব্যালট পেপার কোনো প্রাইভেট প্রেসে ছাপানো যাবে না।’ ইসি জানিয়েছে, সরকারি প্রেসেই ব্যালট ছাপানো হবে।
প্রবাসীদের ভোটাধিকার নিয়েও বিএনপি কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। নজরুল ইসলাম বলেন,
‘পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক।’
সিইসির সঙ্গে বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।