বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি আরও একদিন পিছিয়েছে। চিকিৎসকদের পরামর্শ ও কিছু প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে রবিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে নেওয়ার সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাতার থেকে আসার কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। তার ভাষায়—“কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।”
তিনি আরও জানান,
“ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ ৭ তারিখেই তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।”
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। দলের নেতাদের আশা, সব প্রস্তুতি সম্পন্ন হলে রবিবারই তার বিদেশ যাত্রা চূড়ান্ত হবে।