বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দু’পক্ষই আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য সবসময়ই বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন, মানবাধিকার অগ্রগতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতাকে প্রাধান্য দিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুক্তরাজ্য–বাংলাদেশ সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং বিদায়ী হাইকমিশনার হিসেবে তার দায়িত্বকাল এই সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ব্রিটিশ সরকারের ভূমিকা ও আগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণ শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও গণতন্ত্র চায়। তিনি যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া আলোচনায় উঠে আসে জামায়াত আমিরের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টি। জানা গেছে, সফরে ডা. শফিকুর রহমান ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বৈঠক শেষে উভয় পক্ষই বলেন, যেকোনো মতাদর্শ ও রাজনৈতিক পার্থক্যের বাইরে গিয়ে রাষ্ট্র ও জনগণের কল্যাণে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা অটুট রাখতে হবে। বিদায়ী হাইকমিশনার সারাহ কুক তার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশে প্রাপ্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশের রাজনীতি ও সমাজের গতিশীলতাকে ইতিবাচকভাবে তুলে ধরেন।