বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি উদ্বেগ বাড়িয়ে তুলেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এই পরিস্থিতিতে তাকে দেখতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে। তিনি চিকিৎসা নিতে পারছেন ঠিকই, তবে এরকম সংকটময় পরিস্থিতি এর আগে কখনো হয়নি। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন। তার পরিবারের জন্যও ধৈর্যের দোয়া করি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের ভালোবাসা এবং দোয়া আজ বেগম জিয়ার জন্য প্রবাহিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, “আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।”
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে যান দেশের তিন বাহিনীর প্রধানরা। প্রথমে হাসপাতালে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। রাত ৯টার কিছুক্ষণ পর হাসপাতাল ত্যাগ করেন সেনাপ্রধান।
পরে রাত সোয়া ৯টার দিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও অন্যান্য পুরনো রোগে ভুগছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন।