মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গীবাড়ী থানা বিএনপি পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার এ অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন।
তিনি অভিযোগ করেন, “খালেদা জিয়ার ওপর ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে এবং কারা জীবনের সময় তার চিকিৎসায় অবহেলা করা হয়।”
রিপন আরও বলেন, অতীতে খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে নিজে হাঁটতেন, এমনকি পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন। কারাগারে থাকার কয়েক মাস পরও তিনি চিকিৎসার জন্য হাঁটতে হাঁটতে হাসপাতালে যান। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, খালেদা জিয়ার শারীরিক জটিলতার পেছনে “অবহেলা ও ষড়যন্ত্রমূলক আচরণ” দায়ী। রিপন বলেন, “দেশের কোটি মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি বাঁচলে গণতন্ত্র ও দেশ দুটোই রক্ষা পাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মহসিন মিয়া। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।