নাটোরের গুরুদাসপুরে ব্যাডমিন্টনের আলো জ্বালানোর জন্য লুজ তারে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে আসমাউল হক (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার চাঁচকৈড় খোয়াড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, খেলার কোর্টে আলো জ্বালাতে নিজ বাড়ি থেকে লুজ তার টেনে বিদ্যুৎ নিতে যান আসমাউল।
এ সময় আচমকা শর্টসার্কিট হলে তিনি প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
এদিকে এমন দুর্ঘটনা ঠেকাতে সতর্কতার ওপর জোর দিয়েছেন গুরুদাসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সাহিদুল ইসলাম। তিনি বলেন, “শীতকাল আসলেই বিভিন্ন এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য অনেকে লুজ তার বা সরাসরি হাই-লাইন থেকে সংযোগ নেন।
এটি অত্যন্ত বিপজ্জনক। স্থানীয়রা জানান, বিদ্যুতের লুজ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলা এলাকায় বহুদিনের প্রচলিত বিষয়। ফলে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তারা ঝুঁকিপূর্ণ লাইনগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা আসমাউলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না