হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে মনোনয়ন পাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলার আমির মাওলানা মুখলিছুর রহমান। সোমবার তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান।
ফেসবুকে দেওয়া বার্তায় মুখলিছুর রহমান জানান, মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্তের কারণে কেন্দ্রীয়ভাবে ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লিখেছেন,
“বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই এবং পূর্ণ সমর্থন দিচ্ছি।”
পদ বা মনোনয়ন পাওয়াটাই তাদের রাজনীতির লক্ষ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের মূল উদ্দেশ্য ন্যায়নীতি, সুশাসন আর ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা। তাই মাঠের লড়াইয়ে পিছিয়ে না গিয়ে আগের মতোই প্রচারণায় সক্রিয় থাকার ঘোষণা দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে আহ্বানে তিনি বলেন,
“সংগঠনের সিদ্ধান্তই সর্বোচ্চ নির্দেশনা, তাই সবাইকে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। মুখলিছুর রহমানের ভাষায়, ঐক্যই শক্তি এবং এই শক্তি “দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।”