জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠানের দাবিতে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শিবিরের শীর্ষ দুই ছাত্রনেতা। ক্যাম্পাস বন্ধের অজুহাতে নির্বাচন পেছানোর যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা প্রশাসনকে সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নিয়ে জকসু নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের এই সেক্রেটারি শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন।
জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, “অবিলম্বে ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস চালু করতে হবে এবং স্থগিত পরীক্ষা, ভাইভাগুলো নিয়ে নিতে হবে। সেই সাথে ২২ তারিখেই জকসু নির্বাচন দিতে হবে এবং সম্পূরক বৃত্তির আপডেট জানাতে হবে। প্রশাসনকে এবার কোনো ছাড় নয়!”
জবি শাখা ছাত্রশিবিরের এই সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দিতে হবে। জকসু নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীরা মেনে নিবে না। ১৬ হাজার শিক্ষার্থীর স্বপ্নকে কেউ বন্ধক রাখতে পারবে না, ইনশাআল্লাহ।”