বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, “বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে। আর তিনি কাঁদলে গণতন্ত্রকামী মানুষও কাঁদে। তার সুস্থতা মানেই জাতির স্বস্তি।”
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অমানউল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন; তিনি সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার রক্ষা এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে তার সাহস, ত্যাগ ও আপসহীন ভূমিকা এখনো দেশের লাখো মানুষের অনুপ্রেরণা। “নতুন বাংলাদেশ গঠনে তার অভিজ্ঞ নেতৃত্ব আজও অত্যন্ত প্রয়োজন,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা থেকে শুরু করে শিক্ষার্থীদের সুরক্ষা, বেকারত্ব হ্রাস, বিচার ব্যবস্থার সংস্কারসহ জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি কেরানীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান—আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইকে এগিয়ে নিতে।
নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করা হয়। নেতারা বলেন, “বেগম জিয়ার সুস্থতা মানে বাংলাদেশের গণতন্ত্রের সুস্থ হওয়া।”